পৃথা চট্টোপাধ্যায়

 সাজো, রানি সাজো


মক্ষীরানি, তাকে ঘিরে জীবনবিলাস ; অথচ কালের  গর্ভে কে বাজায় এমন মন্দিরা ! ব্যস্ত শহর জুড়ে জাদুবাক্সে মায়াখেলা ;  ভালোবেসে সেই খেলা ঝুপঝুপে অন্ধকারে ভোরবেলা ক্যানিং লোকাল ধরে দলে দলে ছুটে আসে মেয়ে-পুরুষের ঝাঁক। মারদাঙ্গা, হুড়োহুড়ি, জীবনের ক্ষয়... নষ্ট পৃথিবীর মাটি,  চারিদিকে রক্তমাখা ভয়। এমন অসুখী দিনে ময়ূর পালকে সেজে -  কালাচাঁদ, আমাদের শ্যামরাই, ত্রিভঙ্গ মুরারি...বলে সাজো, রানি সাজো...  গুন গুন গুঞ্জরণ ওঠে । নতুন বসন্ত এলে কৃষ্ণচূড়ার গাছ ভরে যায়  ফুলে, এ পৃথিবী স্বপ্ন জেনো ;  মধুলোভী যারা আসে, লুঠ করে চলে যায় অমূল্য ভাঁড়ার - আবার নতুন কোন শিকার সন্ধানী...


২.

তারপর বলেছিলে,  নির্ঘাৎ মথ ওটা, ওইভাবে ডানা মুড়ে বসে। শুকনো গাছের ডালে, ছাদের কার্নিসে। একদিন নীল ফুলে প্রজাপতি এলে ;  প্রেম আসে গোলাপের কুঁড়ি।  থুড়ি, সেটা ছিল নিতান্তই বসন্তবাহার। রবিগানে অস্ফুট উন্মুখ কুরুবক, লীলাপদ্ম, জম্বুদ্বীপ... হন্যমান জীবনখনন ! স্বপ্ন ছেড়ে একদিন উড়ে যায় পাখি-  নতুন নাটক শুরু- ভিন্ন কুশীলব। নাট্যশালা জমে ওঠে। তবুও কীভাবে প্রেম নয়, প্রজাপতি নয়, সেই মথ জেগে থাকে স্বপ্নের ভিতর...



মন্তব্যসমূহ

  1. খুব ভালো লাগলো মক্ষীরানি। স্বপ্নের ভেতর মথ সেজে ভ্রমণ করলাম।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পৃথা চট্টোপাধ্যায়১০ এপ্রিল, ২০২৬ এ ১০:২২ AM

      প্রাণিত হলাম। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। 💐

      মুছুন
  2. স্বপ্ন ছেড়ে একদিন উড়ে যায় পাখি... ভারি সুন্দর।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পৃথা চট্টোপাধ্যায়১০ এপ্রিল, ২০২৬ এ ১০:২৩ AM

      খুব খুশি হলাম। ধন্যবাদ জানবেন। 🙏

      মুছুন
  3. সেই মথ জেগে থাকে স্বপ্নের ভিতর...বাহ। ভালো লাগলো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. পৃথা চট্টোপাধ্যায়১০ এপ্রিল, ২০২৬ এ ১০:২৫ AM

      খুব খুশি হলাম। আন্তরিক শুভেচ্ছা জানবেন। 💐

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

রাজদীপ ভট্টাচার্য

সব্যসাচী মজুমদার

মঞ্জরী গোস্বামী